কুয়েটে ১৫ জানুয়ারি ভর্তি পরীক্ষা, অংশ নিচ্ছেন ১১ হাজারের বেশি শিক্ষার্থী
খুলনা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ১৫ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এদিন একযোগে লিখিত পরীক্ষা এবং আর্কিটেকচার (বি.আর্ক) প্রোগ্রামের মুক্তহস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বি.আর্ক প্রোগ্রামে ভর্তিচ্ছু প্রার্থীদের জন্য দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষাটি মোট ৫০০ নম্বরের হবে।
এ বছর সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের অন্তর্ভুক্ত ১৬টি বিভাগে মোট ১ হাজার ৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১১ হাজার ৭১৩ জন পরীক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কুয়েট ক্যাম্পাস ছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুয়েট কেন্দ্রে রোল নম্বর ১০০০১ থেকে ১৬২২২ পর্যন্ত মোট ৬ হাজার ২২২ জন পরীক্ষার্থী এবং বুয়েট কেন্দ্রে রোল নম্বর ২০০০১ থেকে ২৫৪৯১ পর্যন্ত মোট ৫ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
বিভাগভিত্তিক আসন বণ্টনের মধ্যে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রতিটিতে ১২০টি করে আসন। এছাড়া ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, লেদার ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রতিটিতে ৬০টি করে আসন রয়েছে।
বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রতিটিতে ৩০টি করে আসন নির্ধারিত রয়েছে। আর্কিটেকচার বিভাগে ভর্তি করা হবে ৪০ জন শিক্ষার্থী। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫টি আসন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কুয়েট ও বুয়েট উভয় কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারেন।

0 Comments