খুলনায় ৮ দলের বিভাগীয় মহাসমাবেশ ১ ডিসেম্বর। শিববাড়িতে টানটান প্রস্তুতি ।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন জোরদার করেছে বিকল্প রাজনৈতিক ধারার আটদলীয় জোট। এ উদ্যোগের অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর খুলনা মহানগরের শিববাড়ি মোড়ে (বাবরি চত্বর) বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছেন খুলনার আট দলের নেতাকর্মীরা। একের পর এক প্রস্তুতি সভা, প্রচারণা আর কর্মসূচির মধ্য দিয়ে জমে উঠেছে সমাবেশঘিরে রাজনৈতিক পরিবেশ।
দলীয় নেতারা জানিয়েছেন, দুপুর ২টায় শুরু হওয়া এই বিভাগীয় সমাবেশে উপস্থিত থাকবেন আট দলের শীর্ষ নেতারা। মূল মঞ্চে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম, খেলাফত মজলিসের আমির মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এড. আনোয়ারুল ইসলাম চাঁন। সমাবেশে স্থানীয় পর্যায়ের নেতারাও বক্তব্য রাখবেন।
খুলনার আলোকে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন বলেন, “সমাবেশ সফল করতে কয়েক দফা বৈঠক করা হয়েছে। খুলনার আলোকে বলতে চাই, আমরা ইতোমধ্যে প্রচারণা, মিছিল, প্রচারপত্র বিতরণসহ নানা প্রস্তুতি হাতে নিয়েছি। নগরজুড়ে আমাদের কর্মীরা মাঠে আছেন। আশা করি ১ ডিসেম্বর শিববাড়িতে শান্তিপূর্ণ ও সফল একটি বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে।”
প্রস্তুতি কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার আসরের পর নগরীর বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ, এশার পর শহরের দায়িত্বশীলদের নিয়ে যৌথ বৈঠক, ২৮ ও ২৯ নভেম্বর ওয়ার্ড-ভিত্তিক মিছিল, ৩০ নভেম্বর খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন এবং ১ ডিসেম্বর সকাল পর্যন্ত নগরজুড়ে মাইকিং করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শিববাড়ি এলাকার কয়েকজন দোকানদার খুলনার আলোকে বলেন, “গত দুই দিন ধরে এলাকায় মাইকিং বাড়ছে। পোস্টার, লিফলেটও দেখা যাচ্ছে। আসলে বড় ধরনের জমায়েত হতে যাচ্ছে বলেই মনে হচ্ছে।”
আয়োজক দলগুলোর দাবি, বিভাগীয় এ সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলে আন্দোলনের পরবর্তী ধাপ আরও শক্তিশালী হবে। নগরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোও সতর্ক অবস্থানে আছে বলে জানা গেছে।
১ ডিসেম্বর দুপুর ২টায় শিববাড়ি মোড়ে অনুষ্ঠিতব্য এই বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে খুলনার রাজনৈতিক অঙ্গন এখন পুরোপুরি সরব।

0 Comments