খুলনায় আদালত চত্বরে দুজনকে লক্ষ্য করে হামলা, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু
নিজস্ব প্রতিনিধি :
খুলনা মহানগর ও দায়রা জজ আদালতের সামনে দিনের আলোয় ঘটে গেল ভয়াবহ হামলা। রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। হাজিরা শেষে বের হওয়ার মুহূর্তে সামনে থেকে কয়েকজন তাদের দিকে গুলি ছোড়ে। গুলির পর হামলাকারীরা চাপাতি দিয়ে আরও আঘাত করে দ্রুত এলাকা ত্যাগ করে।
আহত অবস্থায় দুইজনকে স্থানীয়রা ও পুলিশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী খুলনার আলোকে বলেন, “সবকিছু এত দ্রুত ঘটেছে যে বুঝে উঠতে পারিনি। হঠাৎ গুলির শব্দ আর মানুষের চিৎকারে পুরো এলাকা কেঁপে ওঠে।”
খুলনা মেট্রোপলিটন পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা খুলনার আলোকে জানান, “হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়েছে। ঘটনাটিকে আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। খুব দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা হবে।”
আদালত চত্বরে এমন ঘটনা নিয়ে আইনজীবী সমাজেও আতঙ্ক তৈরি হয়েছে। একজন সিনিয়র আইনজীবী খুলনার আলোকে বলেন, “এ ধরনের হামলা বিচারপ্রার্থীদের নিরাপত্তার জন্য বড় হুমকি। আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা জরুরি।”
নিহতদের পরিবারে চলছে শোকের ছায়া। পুলিশ বলছে, ঘটনার কারণ উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত এগিয়ে চলছে।

0 Comments