Ticker

6/recent/ticker-posts

প্রাথমিক শিক্ষকদের তিন দফা বাস্তবায়নে অনড়, টানা শাটডাউনে অচল বিদ্যালয়

প্রাথমিক শিক্ষকদের তিন দফা বাস্তবায়নে অনড়, টানা শাটডাউনে অচল বিদ্যালয়


দৈনিক জাতীয় সংবাদ : নিজস্ব প্রতিনিধি

সরকারের অনুরোধ সত্ত্বেও তিন দফা দাবির বিষয়ে অনড় অবস্থান বজায় রেখেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তাদের ডাকা টানা ‘কমপ্লিট শাটডাউন’ ও বিদ্যালয়ে তালা ঝুলিয়ে রাখার কর্মসূচি বৃহস্পতিবারও চলবে। বুধবার রাতে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এবং ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর যৌথ ভার্চুয়াল বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংগঠনগুলোর বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের বেতনস্কেল বিষয়ে যে প্রতিশ্রুতি দেয়, তার পর ২২ দিন পেরিয়ে গেলেও বাস্তব প্রজ্ঞাপনের কোনো অগ্রগতি দেখা যায়নি। এই কারণে সারাদেশে পরীক্ষা বর্জন থেকে শুরু করে বিদ্যালয় তালাবদ্ধ রাখার কর্মসূচি অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়েছে, আন্দোলনে যুক্ত ২০২৩ ও ২০২৫ ব্যাচের শিক্ষকসহ অনেককে জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে শোকজ নোটিশ দেওয়া হয়েছে, যা আন্দোলনকারীদের মধ্যে অতিরিক্ত উদ্বেগ তৈরি করেছে। তিন দফা দাবি বাস্তবায়নের প্রজ্ঞাপন ছাড়া আন্দোলন প্রত্যাহারের কোনো প্রশ্ন নেই বলেও জানানো হয়।

তিন দফার মধ্যে রয়েছে—

১. সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করার দাবির ভিত্তিতে আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন প্রকাশ।

২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করা।

৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

চট্টগ্রাম অঞ্চলের একাধিক প্রধান শিক্ষক জানান, শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়ায় শিক্ষার্থীদের উপস্থিতি ও শেখার অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একজন প্রধান শিক্ষক দৈনিক জাতীয় সংবাদকে বলেন, “বিদ্যালয়ে তালা ঝুলছে, শিশুরা ফিরে যাচ্ছে। দীর্ঘমেয়াদি অচলাবস্থার প্রভাব সামলানো কঠিন হবে।”

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বেতনস্কেল নিয়ে আলোচনার অগ্রগতি আছে। শিক্ষকরা যদি কর্মসূচি শিথিল করতেন, তাহলে সমাধান আরও দ্রুত হতো।” তবে শিক্ষক নেতারা বলছেন, “আশ্বাস নয়, প্রজ্ঞাপনই আমাদের একমাত্র প্রত্যাশা।”

শিক্ষক সংগঠনের এক সমন্বয়কারী রাতের বৈঠক শেষে দৈনিক জাতীয় সংবাদকে বলেন, “এই দাবি নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে আমরা কাঠামোগত বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি। এখন সুনির্দিষ্ট প্রজ্ঞাপন না এলে আন্দোলন থামবে না।”

টানা শাটডাউনে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার দৈনন্দিন কার্যক্রম স্থবির হয়ে পড়ায় অভিভাবকদের উদ্বেগও বেড়েছে। তবে সমাধান নির্ভর করছে সরকারের পরবর্তী পদক্ষেপ ও দাবি বাস্তবায়নের গতির ওপর।

Post a Comment

0 Comments

×
×