বঙ্গোপসাগরে শিকারি মাছের সংকট, বাড়ছে জেলিফিশের দাপট
দৈনিক জাতীয় সংবাদ : নিজস্ব প্রতিনিধি
বঙ্গোপসাগরের সামুদ্রিক পরিবেশ দ্রুত বিপর্যয়ের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তাঁর মতে, বড় শিকারি মাছ কমে যাওয়ায় সাগরে জেলিফিশ সংখ্যা অস্বাভাবিক হারে বাড়ছে, যা ইকোসিস্টেমের জন্য স্পষ্ট সতর্ক সংকেত।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর হোটেল পেনিনসুলায় অনুষ্ঠিত “মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইনোভেশনস: সেইফগার্ডিং ওশান হারমনি” আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনের এক সেমিনারে তিনি এই মূল্যায়ন তুলে ধরেন। অনুষ্ঠানটির আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস।
উপদেষ্টা ফরিদা আখতার জানান, ২০২৫ সালের সামুদ্রিক জরিপে প্রকাশ, গত সাত বছরে ছোট পেলাজিক মাছের মজুত প্রায় ৭৯ শতাংশ কমে গেছে। ১ লাখ ৫৮ হাজার মেট্রিক টন থেকে এই মজুত নেমে এসেছে ৩৩ হাজার ৮১১ টনে। তাঁর ভাষায়, “শিকারি মাছ কমতে থাকলে জেলিফিশ বাড়বে—এটাই স্বাভাবিক প্রবাহ। এখন সেই পরিস্থিতিই দ্রুত তৈরি হচ্ছে। এটি বঙ্গোপসাগরের পরিবেশগত কাঠামোকে ঝুঁকির মুখে ফেলছে।”
ইলিশকে জাতীয় ও বৈশ্বিক ঐতিহ্যের অংশ উল্লেখ করে তিনি বলেন, “ইলিশ আহরণে আমরা শীর্ষে, কিন্তু এই সম্পদ এখন দুর্বল হয়ে পড়ছে। সাগরের প্রতিটি স্তরে ইলিশ সুরক্ষায় এখনই সমন্বিত ব্যবস্থা প্রয়োজন।”
টেকসই উন্নয়নের প্রসঙ্গে তিনি আরও বলেন, দায়িত্বশীল আহরণ, গবেষণা-নির্ভর সিদ্ধান্ত, প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর সুশাসন ছাড়া সামুদ্রিক সম্পদ রক্ষা সম্ভব নয়। তিনি মনে করিয়ে দেন, ব্লু ইকোনমিকে জাতীয় অগ্রাধিকার দেওয়া হয়েছে, তাই গবেষণা, নীতি ও কমিউনিটি উন্নয়নকে একসাথে এগিয়ে নিতে হবে।
জলবায়ু পরিবর্তন ও অবৈধ মাছ ধরার চ্যালেঞ্জের বিষয়ে উপদেষ্টা বলেন, “এগুলো একটি দেশের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। আঞ্চলিক সহযোগিতাই এখন মূল শক্তি।”
সেমিনারে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের ড. পিয়ের ফাইলার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) মো. কামাল উদ্দিনসহ অন্যান্য অতিথিরা।
এ বিষয়ে দৈনিক জাতীয় সংবাদ–কে দেওয়া এক প্রতিক্রিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সামুদ্রিক বিজ্ঞানী বলেন, “উপদেষ্টা যেটি বলেছেন, তা বাস্তবতা। শিকারি মাছ না থাকলে খাদ্যশৃঙ্খল ভেঙে পড়ে। দ্রুত ব্যবস্থায় না গেলে বিস্তৃত ক্ষতি শুরু হবে।”
দুপুরে মেরিন ফিশারিজ একাডেমির ৪৪তম পাসিং আউট প্যারেডেও প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা ফরিদা আখতার। সেখানে বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের এবং একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ হাসান।
দৈনিক জাতীয় সংবাদ–কে প্যারেড অনুষ্ঠানে দায়িত্ব পালনরত এক কর্মকর্তা জানান, “সমুদ্রসম্পদ ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরি এখন জরুরি। আজকের অনুষ্ঠান সেই প্রয়োজনীয়তারই বার্তা দেয়।”

0 Comments