Ticker

6/recent/ticker-posts

চট্টগ্রাম: নারীর প্রতি সহিংসতা রোধে পরিবার থেকেই পরিবর্তনের আহ্বান জেলা প্রশাসকের

 চট্টগ্রাম: নারীর প্রতি সহিংসতা রোধে পরিবার থেকেই পরিবর্তনের আহ্বান জেলা প্রশাসকের



দৈনিক জাতীয় সংবাদ : নিজস্ব প্রতিনিধি

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, শুধু সভা বা প্রতিশ্রুতির ভাষণ দিয়ে সহিংসতা কমানো যাবে না। তাঁর মতে, নারী ও শিশুর ওপর বেশিরভাগ নির্যাতন ঘটে নিজের পরিবারের লোকদের হাতেই, তাই প্রতিরোধের শুরু হওয়া উচিত ঘর থেকেই।

মঙ্গলবার সকালে সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনের সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, কারাগারে মাদক মামলায় তিন হাজারের মতো মানুষ সাজা ভোগ করছেন, কিন্তু তাতে আসক্তির প্রবণতা কমছে না। তাই শুধু আইন নয়, মানুষের চরিত্র ও আচরণে পরিবর্তন আনা জরুরি।

এর আগে সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ উদ্দিন। সঞ্চালনা করেন ইপসার সহকারী পরিচালক ফারহানা ইদ্রিস।

দৈনিক জাতীয় সংবাদ-কে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম বলেন, “চট্টগ্রামে ঝুঁকিতে থাকা নারী-শিশুর তথ্য এনজিওগুলোর মাধ্যমে একত্র করে সমন্বিত কর্মপরিকল্পনা নিতে হবে।”

দৈনিক জাতীয় সংবাদ-কে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ উদ্দিন বলেন, “নারীর আত্মনির্ভরতা বাড়াতে কারিগরি শিক্ষা অত্যন্ত প্রয়োজন। অর্থনৈতিক শক্তি তৈরি হলে নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ানো সহজ হয়।”

মুক্ত আলোচনায় প্রত্যাশীর প্রধান নির্বাহী মনোয়ারা বেগম, ইলমার প্রধান নির্বাহী ও মানবাধিকারকর্মী জেসমিন সুলতানা পারু, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের মোহাম্মদ আলী সিকদারসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধিরা অংশ নেন। তারা অনলাইনে নারীর নিরাপত্তায় সচেতনতা বাড়ানো, প্রতিবন্ধী নারী ও প্রবাসী পরিবারের সদস্যদের জন্য বিশেষ উদ্যোগ, এবং গণপরিবহন ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি কার্যকর করার ওপর গুরুত্ব দেন।

অংশগ্রহণকারীরা জানান, গত দশ মাসে নারীর প্রতি সহিংসতার বেশ কিছু ঘটনা ঘটেছে। এসব রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবারে মূল্যবোধ শিক্ষা ও ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম চালু রাখা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন দৈনিক জাতীয় সংবাদ-কে বলেন, “গণপরিবহনে নারীর ওপর সহিংসতা দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানানো উচিত। আর পারিবারিক সমস্যায় সব দোষ নারীর ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা বদলাতে হবে।”

Post a Comment

0 Comments

×
×